ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ বিশিষ্টজনদের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি সুস্বাদু হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহারসামগ্রী আগরতলায় পাঠানো হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরূপ প্রতিবছরই এমন মৌসুমি ফল উপহার পাঠানো হয়।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ৬০টি কার্টনে মোট ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে, প্রতিটি কার্টনে ছিল ৫ কেজি করে আম। এই উপহারসামগ্রী আনুষ্ঠানিকভাবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে এই আম ত্রিপুরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে পৌঁছে দেওয়া হবে। প্রতিটি কার্টনের সঙ্গে সংযুক্ত ছিল প্রধান উপদেষ্টার শুভেচ্ছাবার্তাসহ একটি ‘কমপ্লিমেন্টারি কার্ড’ এবং র্যাপিং পেপার।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ থেকে এই উপহার প্রেরণের পুরো প্রক্রিয়া সমন্বয় করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এই মানবিক ও কূটনৈতিক প্রয়াস দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
পড়ুন: গাজীপুরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে শ্রমিক নিহত
দেখুন: ‘নেতাদের হেনস্তা করলে কী হবে তার প্রাথমিক ধারণা দিয়েছি’ |
ইম/


