বিজ্ঞাপন

দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ

জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার আগেই দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ অন্তত অর্ধশতাধিক গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বিজ্ঞাপন

মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা গত ১৭ ফেব্রুয়ারি ভোরে সাহরি খেয়ে রমজানের রোজা শুরু করেন। প্রতি বছরের মতো এবারও তারা সৌদি আরবসহ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করছেন।

দরবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই শ বছর আগে সাতকানিয়া উপজেলার মির্জাখীল গ্রামের হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঙ্গীরী (রহ.) হানাফি মাজহাব অনুযায়ী পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা অনুসরণ করার ফতোয়া দেন। সেই ধারাবাহিকতায় অনুসারীরা সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণাকে ভিত্তি করে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

মির্জাখীল দরবার শরীফের দায়িত্বশীল মুহাম্মদ জালালুল হাই বলেন, ‘আমরা হানাফি মাজহাবের অনুসারী। আরব বিশ্বের চাঁদ দেখার তথ্য নিশ্চিত হয়ে বৈজ্ঞানিকভাবে চাঁদের অবস্থান বিবেচনায় আজ ঈদের নামাজ আদায় করা হচ্ছে। এটি আমাদের দীর্ঘদিনের ধর্মীয় অনুশাসন। এতে কারো সঙ্গে বিরোধ নেই।’

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা ও পটিয়াসহ বিভিন্ন উপজেলার অন্তত ৫০টির বেশি গ্রামে লক্ষাধিক মানুষ আজ ঈদ উদযাপন করছেন। উল্লেখযোগ্য গ্রামের মধ্যে রয়েছে মির্জাখীল, সোনাকানিয়া, ছোটহাতিয়া, আছারতলি, কলাউজান, বড়হাতিয়া, চুনতি, ছনুয়া, চাম্বল, শেখেরখীল, হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়া ও মোহাম্মদনগর।

এ ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা এবং ভারত, মিয়ানমার, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড ও সুইজারল্যান্ডে বসবাসরত অনুসারীরাও একই নিয়মে ঈদের নামাজ আদায় করছেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, বাংলাদেশে রমজান ও ঈদ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই রাষ্ট্রীয়ভাবে অনুসরণ করা হয়। দেশের অধিকাংশ মুসলমান সেই ঘোষণার ভিত্তিতেই ঈদ উদযাপন করেন। তবে কিছু সম্প্রদায় দীর্ঘদিন ধরে সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসলামি গবেষক বলেন, চাঁদ দেখার বিষয়ে মাজহাবভেদে মতপার্থক্য রয়েছে। তবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুসরণ করলে মুসলিম সমাজে ঐক্য আরও সুদৃঢ় হয় এবং বিভ্রান্তি কমে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, এটি দীর্ঘদিনের চর্চা হওয়ায় আইনশৃঙ্খলার সমস্যা না হলে সাধারণত প্রশাসন হস্তক্ষেপ করে না।

পড়ুন- সৌদিতে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে

দেখুন- সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে কয়েক গ্রামে ঈদ উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন