এল ক্লাসিকোতে হারের হতাশা ভুলে জয়ের পথে ফিরেছে বার্সেলোনা। ঘরের মাঠে রোববার (২ নভেম্বর) রাতে লা লিগার ম্যাচে তারা এলচেকে ৩-১ গোলে পরাজিত করেছে। এই জয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেও ফিরল হান্সি ফ্লিকের দল। অন্যদিকে, ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
জয়ের পথে ফেরা বার্সেলোনা ম্যাচের শুরুতেই আক্রমণের ধার বাড়ায়। নবম মিনিটে লামিনে ইয়ামাল গোল করে দলকে এগিয়ে নেন, যা ছিল ঘরোয়া লিগে দুই মাস পর তার প্রথম গোল। এর ঠিক দুই মিনিট পরই ফারমিন লোপেজের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। প্রথমার্ধের শেষদিকে রাফা মির এলচের পক্ষে একটি গোল শোধ দেন।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি ধরে রাখে বার্সেলোনা। ৫৫তম মিনিটে দারুণ গোলে ব্যবধান ৩-১ করেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের ৭৪তম মিনিটে রাশফোর্ডকে তুলে ইনজুরি কাটিয়ে ফেরা লেভানদোভস্কিকে মাঠে নামান কোচ ফ্লিক। এর কিছুক্ষণ আগে দানি ওলমোও চোট কাটিয়ে মাঠে ফেরেন। যদিও ফেরার দিনে তারা উল্লেখযোগ্য কিছু করতে পারেননি, তবুও চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে এই দুই তারকার ফেরা বার্সেলোনার জন্য দারুণ স্বস্তির।
ইউরোপ সেরার মঞ্চে আগামী বুধবার (৫ নভেম্বর) ক্লাব ব্রুজের মাঠে খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

