দিনাজপুর সদর উপজেলার বড়ইল (বনকালি) গ্রামে অবস্থিত নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে কর্মরত নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রায় অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় অন্তত ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে নারী শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় অনেকে অসুস্থ হয়ে পড়েন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শ্রমিকদের মধ্যে রয়েছেন— রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫) ও লাবনী আক্তার (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে গড়ে ওঠা এই চায়না কোম্পানিতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী ও কিশোরী কর্মরত রয়েছেন। ঘটনার পর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে কোম্পানির কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আতঙ্কের কারণে তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।
পড়ুন- নির্বাচনে ভোট দিতে চান ৯০ শতাংশ ভোটার, তরুণদের পছন্দে এগিয়ে জামায়াত
দেখুন- নির্বাচনের পর ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে ইউনূস সরকার?


