দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের জামালপুর হাজীপাড়ায় জামালপুর জনসংগঠনের উদ্যোগে সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) “যাদের কিছু নেই—যাদের কেউ নেই—তাদের সাথে আমরা” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)।
অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে একটি আনন্দঘন পরিবেশে আস্করপুর ইউনিয়ন পরিষদ প্রশাসন ও জামালপুর জনসংগঠনের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনসংগঠনের সভাপতি বাবুল সিং। ইউনিয়ন পরিষদের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ ও ইউপি সদস্যা মোছা. রুমানা পারভীন। শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শিক্ষক আব্দুল মতিন মণ্ডল, জনসংগঠনের নির্বাহী সদস্য রবিউল ইসলাম সুমন এবং সহ-সভাপতি সুর্বনা পারভীন।
স্বাগত বক্তব্য রাখেন সিডিএর মাঠ সমন্বয়ক মো. জাহেদুর রহমান এবং সূচনা বক্তব্য দেন সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী মো. মনা বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক মো. আহসান হাবিব।
সমঝোতা স্মারক অনুযায়ী, জামালপুর গ্রামের দরিদ্র ও অসহায় নারী-পুরুষদের সংগঠিত করে দারিদ্র্য বিমোচন, ক্ষমতায়ন, পরিবেশ উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আওতায় জনসংগঠন গ্রাম উন্নয়নমূলক কার্যক্রমে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং ইউনিয়ন পরিষদ তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চিকিৎসা ও বিজনেস ভিসা চালু করবে ভারত


