জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে দিনাজপুরের বেদানা লিচু। আর তাতেই নতুন আশার আলো দেখছেন চাষি, বাগানি ও ব্যবসায়ীরা। জমে উঠেছে দেশের সবচেয়ে বড় লিচু বাজার। দিনাজপুর নিউমার্কেটে চলছে জমজমাট বেচাকেনা। তবে স্থান সংকুলান ও যানজট ভোগান্তিতে ফেলেছে ক্রেতা-বিক্রেতা উভয়কেই।
দিনাজপুর নিউমার্কেট—লিচুর রাজধানী খ্যাত দেশের সবচেয়ে বড় লিচু বাজার। ভোরের আলো ফোটার আগেই জেলার ১৩টি উপজেলা থেকে বাগানি আর কৃষক এসে ভিড় করছেন এই ঐতিহ্যবাহী বাজারে।
হাকডাকে মুখর চারপাশ। রকমারি জাতের লিচু সাজানো কাঁঠালপাতা বিছানো ঝুড়িতে। বেদানা, মাদ্রাজি, চায়না থ্রি, কাঠালি—লিচুর বাহারেই মোহিত ব্যবসায়ী ও ক্রেতারা।
প্রতি হাজার মাদ্রাজী লিচু আড়াই থেকে তিন হাজার, আর জিআই ট্যাগ পাওয়া বেদানা বিক্রি হচ্ছে চার থেকে ছয় হাজার টাকায়। তবে ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় এখনো পুরোদমে বাজার চাঙ্গা হয়নি।
নিউমার্কেটের ব্যস্ততম অংশে লিচুর বাজার বসায় যানজট ও স্থান সংকুলানের সমস্যায় পড়ছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এবার হাজার কোটি টাকার বেচাকেনার প্রত্যাশা কৃষি অফিসের।
প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমির লিচু বাগান থেকে এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার মেট্রিক টন। জিআই স্বীকৃতি পাওয়া দিনাজপুরের লিচু এবার পাড়ি দিতে চায় বিশ্ববাজারেও।
এনএ/


