দিনের ভোট আর রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন, পুরো রায় প্রকাশ হলে জানা যাবে বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে বিচারপতি খায়রুল হকের দেয়া রায় বাতিল করে আদালতের পর্যবেক্ষণ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত রায় ছিলো কলঙ্কিত।
বহুল প্রত্যাশিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো। ১০ কার্যদিবস ধরে শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত জানিয়েছে, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ১১ নভেম্বর সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
পড়ুন: সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা: আপিল বিভাগের রায়
আর/


