জামালপুরের ইসলামপুর পৌরসভায় যেন রাত–দিনের পার্থক্যই মুছে গেছে। টানা ৬ থেকে ৭ দিন ধরে বিভিন্ন এলাকায় সড়কবাতি অনবরত জ্বলতে থাকায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। শহরের ডরমেটরি ভবন থেকে ইসলামপুর প্রেসক্লাব—বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একই চিত্র।
দিনের আলোয় সড়কবাতি জ্বলতে দেখা গেলেও কাউকে তা নিভাতে বা খোঁজ নিতে দেখা যায় না—এমন অভিযোগ বাসিন্দাদের। তাদের কথায়, “সরকারি সম্পদ এভাবে অপচয় হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অথচ আমরা বারবার জানিয়েও কোনো ব্যবস্থা পাচ্ছি না।”
বিদ্যুতের অপচয় যেমন বাড়ছে, তেমনি পৌরসভার দায়িত্বহীনতা নিয়েও ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মাঝে। স্থানীয়রা জানান, বিগত কয়েক দিন ধরে পৌর কার্যালয়ে একাধিকবার বিষয়টি অবগত করানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল হুসাইনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি; ফলে এ বিষয়ে তার মন্তব্যও পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের দাবি সড়কবাতি পরিচালনায় দায়িত্বশীলতা ফিরিয়ে এনে দ্রুত ত্রুটি মেরামতের ব্যবস্থা করা জরুরি। তাদের ভাষায়, “এই অপচয় শুধু বিদ্যুতের নয়, প্রশাসনিক সচেতনতারও।”
পড়ুন: তফসিল ঘোষণার পরদিন থেকে উপজেলা-থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত
আর/


