সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
তিনি জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, ব্যাংক হিসাব ও নথিপত্র যাচাই করে অনুসন্ধান শুরু হয়। সিআইডির তদন্তে প্রতিষ্ঠানটির স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমাণ সোনা ও হীরা সংগ্রহের প্রমাণ মেলে।
২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এলসির মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩৮ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার টাকার সোনার বার, অলংকার, লুজ ডায়মন্ডসহ বিভিন্ন দ্রব্য বৈধভাবে আমদানি করলেও একই সময়ে স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা মূল্যের সোনা ও হীরা সংগ্রহ করে, যার বৈধ উৎস বা নথিপত্র প্রতিষ্ঠানটি দেখাতে ব্যর্থ হয়।
এসব সোনা ও হীরা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে বলে সিআইডি প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এতে অবৈধ পন্থায় বিপুল অর্থ উপার্জনের অভিযোগও উঠে আসে।
পড়ুন: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে আজ
আর/


