মাদারীপুরের কালকিনিতে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
শনিবার (৭ মার্চ)কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকেল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। ইফতারের সময় হওয়ার আগেই পুরো কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইফতারের পূর্বে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার শেষে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান।
ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন- দামুড়হুদায় ভুয়া ডাক্তার দম্পতির ক্লিনিকে অভিযান, সিলগালা ও ২ লাখ টাকা জরিমানা
দেখুন- ট্রাম্পের দাবি নিঃশর্ত আত্মসমর্পণ, উপযুক্ত জবাব দেবে ইরান?


