দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে প্রায় ৩০ হাজার বিএনপি নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের যাতায়াত নিশ্চিত করতে ৬০টি বড় বাস, ১০০টি মাইক্রোবাস এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন প্রস্তুত রাখা হয়েছে।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসা ও রাজনৈতিক কারণে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন তারেক রহমান। দীর্ঘদিন পর তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর (বুধবার) রাত ১১টায় সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া কবরস্থানের সামনে থেকে নেতাকর্মীদের বহনকারী বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে প্রায় ২ হাজার ৫০০ নেতাকর্মী ঢাকায় যাবেন। এছাড়া ১৪০টি বাসে প্রতিটিতে গড়ে ৭০ জন করে এবং ন্যূনতম ১০০টি মাইক্রোবাসে আরও প্রায় ১ হাজার নেতাকর্মী অংশ নেবেন। পাশাপাশি ব্যক্তিগত ব্যবস্থায় আরও ৮ থেকে ৯ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। সব মিলিয়ে সিরাজগঞ্জ জেলা থেকে মোট ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, যা আরও বাড়তে পারে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “দীর্ঘদিন পর প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন—এ খবরে জেলার প্রতিটি নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে। অনেকেই ইতোমধ্যে দলে দলে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।”
তিনি আরও জানান, শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের মাস্ক বা হেলমেট পরিধান না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাসে ওঠা কিংবা যাত্রাপথে প্রত্যেকের পরিচয় নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট নেতাকর্মীদের দেওয়া হয়েছে।
প্রতিবেদক- ফেরদৌস হাসান
পড়ুন- রাঙ্গাবালীতে কোডেকের ‘স্বপ্নের ঠিকানা’ প্রকল্পের বার্ষিক সেমিনার
দেখুন- রাঙ্গাবালীতে কোডেকের ‘স্বপ্নের ঠিকানা’ প্রকল্পের বার্ষিক সেমিনার


