বিজ্ঞাপন

দুঃখ-গ্লানিকে বিদায় দিয়ে আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ

সকাল হতেই পূর্ব দিগন্তে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বাংলা নতুন বছরের শুরু। দুঃখ-গ্লানিকে বিদায় দিয়ে বর্ষবরণের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় বাঙালি। ১৪৩৩ বঙ্গাব্দ বরণে রমনার বটমূলে সুরের মূর্ছনা ছড়াবে ছায়ানট। হাজার বছরের সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে ঐতিহ্যবাহী শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছে চারুকলা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা হুমকি নেই।

কাঠ, বাঁশ আর কাগজের শরীরে প্রাণ পাচ্ছে লোকজ মোটিফ। বাঘ, সিংহ, প্যাঁচা আর শখের হাড়িতে রঙের ছোঁয়া। চারুকলা শিক্ষার্থীদের নিপুণ ছোঁয়ায় তৈরি হয়েছে টেপা পুতুল, শান্তির পায়রা, মোরগ ও সূর্যের মোটিফ। বাউলদের ওপর হামলার প্রতিবাদে নির্মাণ করা হয়েছে দোতারা।

এসো হে বৈশাখ সমবেত কণ্ঠে গান ও আবৃত্তির মহড়ার মধ্য দিয়ে রমনার বটমূলে প্রস্তুতি সেরেছে ছায়ানট। ভোরের আলো ফোটার আগে শিশিরভেজা বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হবে এবারের প্রভাতী আয়োজন। ৮টি সমবেত ও ১৪টি একক সংগীত এবং দুটি আবৃত্তি দিয়ে সাজানো থাকবে এবারের আসর।

পহেলা বৈশাখ ঘিরে রমনা বটমূলে নিরাপত্তা মহড়া দিয়েছে এলিট ফোর্স র‌্যাব। এর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ জানান, নাশকতার কোনো শঙ্কা নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

শোভাযাত্রার ইতিহাস

ভাস্কর মাহবুব জামিল শামীমের উদ্যোগে এই শোভাযাত্রাটি প্রথম শুরু হয় ১৯৮৫ সালে যশোরে। ‘চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট’ নামের একটি সংগঠনের ব্যবস্থাপনায় এটি ‘বর্ষবরণ শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৪০০ জন অংশ নেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তত্ত্বাবধানে শোভাযাত্রা শুরু হয়।

১৯৮৯ সালে তৎকালীন ‘চারুকলা আর্ট ইনস্টিটিউট’র (বর্তমানে চারুকলা অনুষদ) শিক্ষার্থীরা এই ঐতিহ্যকে রাজধানীতে নিয়ে আসেন। এমনটাই জানান চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ.এ.এম. কাওসার হাসান। তিনি বলেন, “শোভাযাত্রা শুরু হয়েছিল বাংলা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার একটি উদ্যোগ এবং এরশাদ শাসনের বিরুদ্ধে একটি আন্দোলন হিসেবে।”

নামের পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শোভাযাত্রাটি ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হয়। তখন চারুকলা আর্ট ইনস্টিটিউটের পরিচালক রফিকুন নবীর নেতৃত্বে এটি পরিচালনার জন্য ১০১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে ছিলেন ছায়ানটের প্রতিষ্ঠাতা ড. সন্‌জীদা খাতুন, তার স্বামী ওয়াহিদুল হক এবং বিসিকের (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) ডিজাইনার এমদাদ হোসেন।

২০১৭ সালে মাহবুব জামিল শামিম বলেছিলেন, ১৯৯০ সালে ছায়ানটের সহ-প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হক এবং শিল্পী এমদাদ হোসেন ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি প্রস্তাব করেন। খুব দ্রুতই এটি জনপ্রিয় হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে।

৩৫ বছর ধরে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে চলার পর, গত বছর জুলাই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর শোভাযাত্রাটির নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়।

২০২৫ সালের ১০ এপ্রিল বর্ষবরণ উদযাপন কমিটি শোভাযাত্রার আগের নামের দাবি জানায়, যেটি কিনা ১৯৮৯ সালে প্রথম র‍্যালিতে ব্যবহৃত হয়েছিল। কমিটির পক্ষ থেকে বলা হয়, নাম পরিবর্তনের প্রক্রিয়াটি ছিল অস্বাভাবিক।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আজহারুল ইসলাম চঞ্চল বলেছিলেন, “আমরা নাম পরিবর্তন করছি না। আমরা কেবল উৎসবের সূচনালগ্নে ব্যবহৃত মূল নামটি পুনরুদ্ধার করছি।”

তিনি আরও বলেন, “মঙ্গল শব্দটি ফ্যাসিস্ট শাসনব্যবস্থার মাধ্যমে সমাজে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। তাই আমরা মূল চেতনায় ফিরে যেতে চাই—যেখানে সব মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং সংস্কৃতির নামে রাজনৈতিক আগ্রাসন থাকবে না।”

চলতি বছর শোভাযাত্রার নাম আবার পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ রাখা হয়। গত ৫ এপ্রিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী নাম পরিবর্তনের ঘোষণা দেন। ওই দিন তিনি জানান, সরকার ‘আনন্দ শোভাযাত্রা’ এবং ‘মঙ্গল শোভাযাত্রা’—দুটো নামই পরিত্যাগ করবে।

সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা এটিকে ‘আনন্দ শোভাযাত্রা’ বা ‘মঙ্গল শোভাযাত্রা’ বলে ডাকবো না। শোভাযাত্রাটি কেবল ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে।”

চলতি বছরের প্রতিপাদ্য ও অংশগ্রহণ

এই বছরের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য হলো ‘নববর্ষের সুরে ঐক্য, গণতন্ত্রের পুনর্জাগরণ’। শোভাযাত্রার মোটিফগুলোর মধ্যে রয়েছে একটি মোরগ, যা গণতান্ত্রিক ভোরের প্রতীক; একটি হাতি, যা সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী মোটিফের স্মারক; একটি পায়রা, যা শান্তির প্রতীক; একটি টেপা পুতুল-ঘোড়া, যা গ্রামীণ ঐতিহ্যকে নির্দেশ করে ও একটি দোতারা, যা বাউল সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং তাদের ওপর হামলার প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

চলতি বছরের শোভাযাত্রা শুরু হবে পুলিশের অশ্বারোহী দল দিয়ে। এরপর জাতীয় পতাকা বহনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী অংশ নেবেন। এরপর সাংবাদিকরা মিছিল করবেন, তারপর প্রধান ব্যানার নিয়ে এগিয়ে যাবেন রাষ্ট্রীয় অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরেই থাকবেন বিভিন্ন অনুষদের ডিন এবং আবাসিক হলগুলোর প্রভোস্টরা, তারপর বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেবেন।

এরপর একসঙ্গে মিছিল করবে জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) এবং জাতীয় কবিতা পরিষদ, এরপর পাঁচটি বড় মোটিফ, ঢাকের দল এবং ১৫০ ফুট দীর্ঘ স্ক্রল পেইন্টিং। সবার শেষে থাকবেন সাইমুম শিল্পীগোষ্ঠী এবং ১১৫টি আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

পড়ুন : বর্ষবরণে রাজধানী জুড়েই থাকছে নানা আয়োজন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন