জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রায় দুই বছর আগে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি এখনো চালু হয়নি। ২০২৩ সালে নির্মাণ কাজ শেষ হলেও ভবনটি এখনো হস্তান্তর করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান, ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মা ও শিশু রোগীরা।
স্থানীয় সূত্র জানায়, ইসলামপুরে দ্রুত গতিতে নির্মাণ শেষ হলেও অজ্ঞাত কারণে সেটি স্বাস্থ্য বিভাগের অধীনে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। এতে করে চিকিৎসা সেবা না পেয়ে মা ও শিশুরা বাধ্য হয়ে ছুটছেন জেলা শহরসহ দেশের বিভিন্ন হাসপাতালে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাকিলা চৌধুরী জানান, “ভবনের নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করা হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো ভবনটি আমাদের কাছে হস্তান্তর করেনি।”
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী সুমি আক্তার বলেন, “মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি যদি চালু থাকত, তাহলে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হতো না। এখানে শয্যা ও ডাক্তার দুটোই কম।”
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের জানান, এখন কেবল ভবন হস্তান্তরের অপেক্ষা নয়,প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগে এটি চালু হলে মা ও শিশুদের সেবার মান অনেক বৃদ্ধি হতো।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা দ্রুত এই হাসপাতালটি চালুর দাবি জানিয়ে বলেন, “মা ও শিশুর চিকিৎসা বিলম্বিত হওয়া মানেই জীবন নিয়ে ঝুঁকি। তাই অনতিবিলম্বে কার্যক্রম শুরু হোক – এটাই উপজেলাবাসীর প্রত্যাশা।”
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

