চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বাখরপুর বায়তুস সালাম জামে মসজিদ-এ দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ইমামতি করে মোটরসাইকেল উপহার পেলেন মসজিদের ইমামের দায়িত্বে থাকা মাওলানা মোঃ জহিরুল ইসলাম। মসজিদ পরিচালনা ও মুসল্লিদের ধর্মীয় জীবনে দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। দীর্ঘ ২৩ বছর ধরে এলাকার মসজিদে ইমামতি করে আসছেন তিনি।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর জুমার নামাজের পর মসজিদ কমিটির সভাপতি মোক্তার আহমদ মাস্টারসহ ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইমামের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করা হয়।
প্রবাসী সবুজ মিজি জানান, নিষ্ঠা আর দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এবার মুসল্লিদের পক্ষ থেকে ইমামকে একটি মোটরসাইকেল উপহার দেয়া হলো। তার এই দীর্ঘদিনের সেবার স্বীকৃতিস্বরূপ আমার উদ্যোগে স্থানীয় মুসল্লিরা যৌথভাবে অর্থ সংগ্রহ করে তাঁকে এই মোটরসাইকেলটি উপহার দেয়।
ইমাম জহিরুল বলেন, মোটরসাইকেল উপহার পেয়ে আমি আবেগাপ্লুত। মুসল্লিদের এই ভালোবাসা আমাকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে উৎসাহ দেবে।
মসজিদ কমিটির সভাপতি মোক্তার আহমদ বলেন, এই ইমাম শুধু ইমামতিই করেননি। পাশাপাশি এলাকার তরুণদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখাতেও তিনি সক্রিয় ছিলেন। তাই এই সম্মাননা তাকে দেওয়া হয়েছে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে।
এমন উদ্যোগ শুধু একজন ইমামের অবদানকেই স্বীকৃতি দেয় না। সমাজে সৎ ও নিষ্ঠাবানদের প্রতি কৃতজ্ঞতার সংস্কৃতিও গড়ে তোলে।
পড়ুন: চাঁদপুরের মতলবে কলেজ অধ্যক্ষের পরিত্যাক্ত রান্নাঘর থেকে লাশ উদ্ধার
এস/


