ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বুধবার (৮ এপ্রিল) দিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত থাকবেন।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার এজেন্ডায় থাকতে পারে—ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন এবং সীমান্তে হত্যা বন্ধের বিষয়।
এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা চালু, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার সঙ্গে জড়িতদের দেশে প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানো এবং শীর্ষ পর্যায়ের সফর বিনিময়ের বিষয়ও আলোচনায় আসতে পারে।
পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নিয়েও আলোচনা হতে পারে।
এ ছাড়া আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ভূত সংকটও বৈঠকে গুরুত্ব পেতে পারে।
পড়ুন: হরমুজ প্রণালি ব্যবহারে টোল নেবে ইরান ও ওমান
আর/


