নানা নাটকীয়তার পর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। প্রতিবার ঢাকা পর্ব দিয়ে শুরু হলেও এবার সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। গত আসরে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল, এবার নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় দর্শকরা।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে দুপুর ৩টায় মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স।
গত ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় পরিসরে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় সেটা অবশ্য হয়ে উঠেনি। এক প্রকার বাধ্য হয়েই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
এবার সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করেছে বিসিবি। জমকালো আয়োজনে করতে না পারলেও বিপিএলের উদ্বোধনী দিনেই ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করবে বিপিএল গভর্নিং কাউন্সিল।
প্রথম অংশে শহীদ শরীফ ওসমান হাদির স্মারণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর সমন্বিত সুরে গাওয়া হবে বাংলাদেশের জাতীয় সংগীত। থাকছে কোরআন তিলওয়াতও। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন আমিনুল ইসলাম বুলবুল।
এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পোড়ানো হবে ‘ডে লাইট ফায়ার ওয়ার্ক’ বা আতশ বাজি। বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে এবারই প্রথম ‘ডে লাইট ফায়ারওয়ার্কস’ হবে।
পড়ুন: ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
আর/


