বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ।
আজ সোমবার (২ মার্চ) দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ‘ফারনেক ভিলেজ’ লেবার ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে উপদেষ্টা সাম্প্রতিক বৈশ্বিক ঘটনাবলি ও উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে প্রবাসী কর্মীদের খোঁজখবর নেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সরকার আপনাদের পাশে থাকবে। এসময় তিনি প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আরব আমিরাত সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবাসীদের সমস্যা ও সমাধানের আশ্বাস মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসী কর্মীরা তাদের দৈনন্দিন জীবনের নানা সংকটের কথা উপদেষ্টার সামনে তুলে ধরে বলেন, রেসিডেন্সি ও কাজের ভিসা সংক্রান্ত বর্তমান সমস্যা,দেশে ঘরবাড়ি তৈরি বা ব্যবসার জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তি, বৈধ পথে টাকা পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা বিষয়ে তুলে ধরেন প্রবাসীরা।
উপদেষ্টা রেহান আসাদ কর্মীদের এসব সমস্যা আন্তরিকতার সঙ্গে শোনেন। তিনি জানান, প্রবাসীবান্ধব সরকার ইতিমধ্যে এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে এবং দ্রুতই এর সুফল পাওয়া যাবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান, কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) মো. আব্দুস সালামসহ ফারনেক কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী কর্মী সভায় অংশ নেন।
পড়ুন : ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণ


