মানুষ যখন নাকে হাত দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখন দায়িত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) নিজ হাতে উদ্ধার করলেন এক অজ্ঞাত পরিচয়ের গলিত ও দুর্গন্ধযুক্ত মরদেহ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের ব্যস্ততম পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন জামতলা পয়েন্ট এলাকায় ফুটপাতে পড়ে থাকা এক বৃদ্ধ পুরুষের মরদেহ ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় অবহেলা ও অনীহা। চারদিকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে অনেকেই নাক চেপে দ্রুত স্থান ত্যাগ করেন।
খবর পেয়ে সদর মডেল থানার ওসি রতন শেখ (পিপিএম)-এর নেতৃত্বে এসআই ফয়সলসহ পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও কোনো দ্বিধা না করে ওসি রতন শেখ নিজেই ফুটপাতের দোকান থেকে পলিথিন সংগ্রহ করে অস্থায়ী গ্লাভস তৈরি করেন এবং মরদেহটি নিজ হাতে বডি ব্যাগে প্রবেশ করান। পরে তা পুলিশের গাড়িতে করে আইনগত প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ওসি রতন শেখ (পিপিএম) বলেন, “একজন মানুষ জীবিত থাকুক বা মৃত—তার মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও পুলিশের নৈতিক দায়িত্ব। কেউ অবহেলিত অবস্থায় পড়ে থাকলে পুলিশ কখনো দায়িত্ব এড়াতে পারে না।” সদর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রচলিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। অজ্ঞাত এই মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালানো হবে।এই ঘটনায় দায়িত্ববোধ, সাহসিকতা ও মানবিক আচরণের জন্য স্থানীয়দের মধ্যে ওসি রতন শেখ (পিপিএম) এবং সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশের প্রশংসা ছড়িয়ে পড়েছে।
পড়ুন : সুনামগঞ্জে নির্বাচনকালীন নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি


