আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে দুর্গাপুর সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় তিনি এলাকার বেকারত্ব দূরীকরণ, কৃষি উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেন।
ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যে “মানবিক দুর্গাপুর-কলমাকান্দা” গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁর উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো মধ্যে রয়েছে শিক্ষিত বেকারদের জন্য চাকরির সুব্যবস্থা এবং কারিগরি শিক্ষার প্রসারে একটি ‘স্পেশালাইজড ট্রেনিং সেন্টার’ স্থাপনের ঘোষণা দেন। এখান থেকে নার্সিং ও অন্যান্য পেশায় প্রশিক্ষণ নিয়ে যুবকরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।
বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে সাড়ে ৪ কোটি পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়া কৃষকদের সার, বীজ ও কৃষি উপকরণ সহায়তায় দেওয়া হবে ‘কৃষক কার্ড’।
যারা জমি বা ঘর বিক্রি করে বিদেশে যান, তাদের জন্য সরকারি তদারকিতে ঋণের ব্যবস্থা করার কথা জানান তিনি, যাতে কাউকে সহায়-সম্বল বিক্রি করতে না হয়। নারীদের ঘরে বসে আয়ের সুযোগ করে দিতে কুটির শিল্প ও সেলাই মেশিন প্রকল্পের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতাকে সকাল ৭টার মধ্যে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, “এই নির্বাচন কেবল কায়সার কামালের নির্বাচন নয়, এটি দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর এবং আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার নির্বাচন।”
নির্বাচনী এই জনসভায় বিপুল সংখ্যক জনসাধারণ, ভোটার ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, জমিয়তে ইসলাম ও এর অঙ্গসংগঠনের নেতাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : নেত্রকোনায় ভোট কেন্দ্রে নিরাপত্তায় থাকবে পুলিশের বডি ওর্ন ক্যামেরা: পুলিশ সুপার


