লক্ষ্মীপুরের রায়পুরে দূর্ঘনায় শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যুকে পরিকল্পিতভাবে ‘হত্যা’ দেখিয়ে মামলা দায়ের ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, সম্পত্তি দখলের উদ্দেশ্যে তিনি ভাতিজা, ভাবি ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যার মামলা করেন এবং পুলিশি প্রভাব খাটিয়ে তাদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। অভিযুক্ত শাহ আলম কক্সবাজার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও নিহত আবু হাশেম ঢালীর ছেলে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সেলিনা আক্তার। তিনি জানান, তার শ্বশুর আবু হাশেম ঢালী (১১০) চলতি বছরের ১০ জুন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিন্তু শাহ আলম এটিকে হত্যা বলে চালিয়ে দিয়ে সেলিনাসহ পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা হাজীমারা পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহম্মদ তদন্ত শেষে ৫ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে নিহতের স্বাভাবিক মৃত্যুর প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয় এবং পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়। সেলিনার ছেলে সোহেল সামাদ বলেন, আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এরপরও শাহ আলম আমাদের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে এবং দোকানঘরসহ বসতবাড়ির প্রবেশপথ আটকে দিয়েছে।
অন্যদিকে, নিহতের মেয়ে রাজিয়া বেগম বলেন, আমার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন। কিন্তু সম্পত্তি আত্মসাতের জন্য ভাই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।
অভিযোগ বিষয়ে এসআই শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন রিসিভ হয়নি।
পড়ুন: সিলেটের রেলপথে অবস্থান নিয়েছেন অবরোধকারীরা, যাত্রীদের ভোগান্তি
দেখুন: সিলেটের রেলপথে অবস্থান নিয়েছেন অবরোধকারীরা, যাত্রীদের ভোগান্তি
ইম/


