বিজ্ঞাপন

দুর্নীতিমুক্ত ও ইনসাফ-মসজিদভিত্তিক সমাজব্যবস্থার ওপর জোর দিলেন: ভূমি প্রতিমন্ত্রী

দুর্নীতি ও শোষণমুক্ত এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এমন একটি সমাজ গড়তে আলেম-ওলামা এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিতদের সমাজের মূলধারার কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

শনিবার (৭ মার্চ) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত দ্বিতীয় হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ঢাকা থেকে সরাসরি টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

ব্যক্তিগত কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‍“গত বছর আমরা এই আয়োজনটি শুরু করেছিলাম। তখন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রতি বছরই এমন আয়োজন করার চেষ্টা করব। মহান আল্লাহর শুকরিয়া, এবারও আমরা এই আয়োজনটি করতে পেরেছি। আমাদের উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত করা।”

আলেম সমাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মসজিদভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা আমার অন্যতম প্রধান লক্ষ্য। আমাদের যারা ধর্মীয় শিক্ষক, আলেম-ওলামা এবং মাদরাসার ছাত্র ভাইয়েরা আছেন, তাদের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আপনাদের সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমি একটি ‘মানবিক দুর্গাপুর’ গড়ে তুলতে চাই।’ এ সময় তিনি উপস্থিত জনগণ এবং আলেমদের যেকোনো বিষয়ে তাকে সরাসরি পরামর্শ দেওয়ার অনুরোধ জানান।

বক্তব্যের শেষে ব্যারিস্টার কায়সার কামাল প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানান এবং যারা বিজয়ী হতে পারেননি, আগামীতে তাদের আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার উৎসাহ দেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে উপজেলা বিএনপি দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও সুস্থ সংস্কৃতি চর্চা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পাঁচটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিযোগিতা শেষে প্রত্যেক গ্রুপের বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার হিসেবে বাইসাইকেল, ডিনার সেটসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া, উৎসাহ প্রদানের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকেই নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাদরাসার শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : মসজিদমুখী করতে শিশুদের সাইকেল পুরস্কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন