শীতের সময় আবহাওয়া শুষ্ক থাকায় বাংলাদেশের রাজধানী ঢাকায় বেশিরভাগ সময় দূষণের মাত্রা বেশিই থাকে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, এ সময় বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। শহরটির স্কোর ২৫৩। বায়ুমানের এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২২৫। বায়ুমানের এই স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ দিকে, তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের স্কোর ১৮৭। বায়ুমানের এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। চতুর্থ অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর কোলকাতার স্কোর ১৮৪। এ ছাড়া ১৭৮ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে নেপালের কাঠমান্ডু।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩
আর/


