দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে, ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ঘটেছে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা। গতরাত থেকেই এমন মারমুখী পরিস্থিতি বিরাজ করছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার পদত্যাগ করেছেন।
গতরাতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জড়ো হন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। এ সময় হলে আন্দোলনকারীদের কয়েকজনকে অবরুদ্ধ করে ফোন তল্লাশির অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ মিছিল নিয়ে হলের সামনে অবস্থান নেন আন্দোলনরতরা।
উত্তপ্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ছাত্রলীগের সঙ্গে হয় বাগবিতণ্ডা ও ইট পাটকেল ছোড়ার ঘটনা। এতে কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হন।
গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অপমানজনক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এই বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে, বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরাও। পরে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সভা হয়।
কোটা বাতিল চেয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহাসড়কে অবস্থান নেয়ায় ব্যাহত হয় যান চলাচল। এদিকে, নীলফামারীতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।


