দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি)ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি আরও বলেন, সচ্ছ, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার (৩১ শে জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মমিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এসময় তিনি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব, সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না বলেও কঠোর সতর্কবার্তা দেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝালকাঠি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত ও স্পষ্ট দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাত সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের প্রতিনিধিরা। এ সময় ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভিজিল্যান্স টিমের কার্যক্রম এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মমিন উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।


