দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১২ জুলাই) বিকালে একথা বলেন তিনি।
গুলশান-২-এর হোটেল লেকশোর-এ জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমি আজকে থেকে নয় মাস আগে বলেছিলাম যে, অদৃশ্য শত্রু আছে। আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন, ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি।
যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তারেক রহমান।
তারেক রহমান আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বরাবর বলেছি, অন্যায় যেই করুক তাকে প্রশ্রয় দেবেন না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে?
তিনি বলেন, ‘গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা গেছে তাকে কেনো সরকার এখনো গ্রেফতার করেনি? আমরা কি তাহলে ধরে নেবে যে, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকার এবং প্রশাসনের প্রশ্রয় আছে?’
শহীদদের বিচারের ব্যাপারে তিনি বলেন, গত ১৫/১৬ বছরে বিএনপি, যুবদল, ছাত্রদলের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। বিএনপি ছাড়াও অনেক দলের নেতাকর্মী শহীদ হয়েছেন। এমনকি নিরপেক্ষ অনেক মানুষও শহীদ হয়েছেন দেশের মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে। আগামীতে বিএনপি দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে এসব হত্যার বিচার সুষ্ঠুভাবে হয়। এ বিষয়ে সর্বোচ্চ উদ্যোগ নেবে বিএনপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
পড়ুন : আওয়ামী লীগ নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য : তারেক রহমান


