সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। বিভিন্ন স্থানে শহীদ বেদি ও মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।
দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎযাপিত হচ্ছে দেশের ৫৪তম স্বাধীনতা দিবস। বিভিন্ন কর্মসূচিতে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
অন্যান্য জেলাগুলোর মতো টাঙ্গাইলেও সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনিতে দিবসের কার্যক্রম শুরু হয়। শহীদ মারুফ স্টেডিয়ামে ছিলো মনোজ্ঞ কুচকাওয়াজ। মানিকগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন এবং সর্বস্তরের জনগণ।
রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
৩১ বার তোপধ্বনিতে নাটোরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন হয়। কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঠাকুরগাঁওয়ে জেলা স্কুল বড় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সূর্যোদয়ের পরই যশোরের মনিহারের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আর মেহেরপুরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে দিবসটি পালন করে সর্বস্তরের মানুষ।
পটুয়াখালীতে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্মসূচি নেয়। চট্টগ্রামের কাট্টলীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্মৃতিসৌধে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিকদল ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
ময়মনসিংহে স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া, মাদারীপুর, জয়পুরহাট, পাবনা, লালমনিরহাটসহ দেশব্যাপী ছিল নানান আয়োজন।
এনএ/


