দেশে টিকার কোনো সংকট হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন সরকার বড় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এরই অংশ হিসেবে ইতিমধ্যে ৬০৪ কোটি টাকার টিকা কেনার সিদ্ধান্ত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে পাবনা সদর উপজেলার ৪১ নং চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পাবনা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই বিশেষ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন অঞ্চলে মোট ১ লক্ষ ৮৩ হাজার ৬৬৬ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাবনা পৌরসভায় ২৬,৫৫৮ জন,
সদর উপজেলায় ৫৫,৬৫৭ জন, ঈশ্বরদী পৌরসভায় ১২,১৬৭ জন, উপজেলায় ২৮,৫১১ জন, আটঘরিয়া উপজেলায় ১৯,০৫০ জন, বেড়া উপজেলায় ৪১,৭২৩ জন টিকা পাবে।
পাবনা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলার হিমায়েতপুর ও দোগাছি অঞ্চলে হামের সংক্রমণ সবচেয়ে বেশি দেখা দিয়েছে। জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আজ ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ টিকাদান কর্মসূচি আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে এই কর্মসূচি সফল করতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
পড়ুন:রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ৬ ইউনিয়ন কৃষকদলের কমিটি থেকে পদত্যাগ
দেখুন:কেন পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি?
ইমি/


