ঈদ মানেই নতুন পোশাক আর ছোট ছোট স্বপ্নের রঙিন ডানা। তবে এই আনন্দ সবার জীবনে সমানভাবে আসে না। আখাউড়ায় কিছু পথশিশুর সেই অপূর্ণতাকে রাঙিয়ে দিলেন একদল সাংবাদিক—নিজেদের পছন্দে নয়, শিশুদের পছন্দেই কিনে দিলেন ঈদের নতুন পোশাক।
বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের সড়কবাজারের একটি তৈরি পোশাকের দোকানে দেখা যায় ব্যতিক্রমী এক দৃশ্য। দোকানজুড়ে ছিল উচ্ছ্বাস আর আনন্দের কোলাহল। কেউ শার্ট, কেউ পাঞ্জাবি, আবার কেউ বেছে নিচ্ছে ফ্রক। আয়নার সামনে দাঁড়িয়ে নতুন পোশাক পরে নিজেদের দেখে হাসিতে ভরে উঠছিল শিশুদের মুখ।
একজন আরেকজনকে দেখিয়ে বলছে, “তোরটা ভালো, না আমারটা?”—তুলনা থাকলেও নেই কোনো হিংসা বা অভিমান; বরং ছিল নিখাদ আনন্দের ঝিলিক, যা ছড়িয়ে পড়েছিল পুরো দোকানজুড়ে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের উদ্যোগে অর্ধশতাধিক পথশিশুকে তাদের পছন্দমতো ঈদের নতুন পোশাক কিনে দেওয়া হয়। পছন্দের পোশাক হাতে পেয়ে শিশুদের আনন্দ যেন ছাপিয়ে যায় সব অভাব-অভিযোগ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী ভুঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “শিশুরা নিজের পছন্দমতো পোশাক বেছে নিতে পারছে—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ জলিল, সাবেক সাধারণ সম্পাদক জুটন বনিক, প্রিন্ট ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুনাইদ হোসেন পলক, সাংবাদিক রাসেল মিয়া, মো. ইসমাইলসহ অন্যরা।
এক বিকেলের এই ছোট আয়োজন যেন বড় একটি বার্তা দেয়—ঈদের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়।
পড়ুন: খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি, ২ জনকে ঢাকায় প্রেরণ
আর/


