ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের মাঝিরচর কবরস্থান সংলগ্ন এলাকায় নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বিলাসপুর ইউনিয়ন শাখা ও এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে দাড়িয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ ভোগান্তির কথা তুলে ধরেন।
এসময় ভূক্তভোগিরা বলেন, দীর্ঘদিন ধরে সেতুটির নির্মাণ কাজ ধীরগতিতে চলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । সেতুটি পরিপূর্ণ সম্পন্ন না হওয়ায় শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য পরিবহনে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। সেতুটি নির্মিত হলে বিলাসপুর ও মাহমুদপুর দুই ইউনিয়নের অন্তত ২০ গ্রামের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আসবে।
স্থানীয় ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, “ সেতুর কাজ অনেক আগে শুরু হলেও এখনো শেষ হয়নি। প্রতিদিন ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ লোহার সেতু পারাপার হতে হচ্ছে । লোহার সেতুটিতে একটি গাড়ি অবস্থান করলে অপরদিক থেকে আসা আরেকটি গাড়ি অপেক্ষমান থাকতে হয়। কখনও কখনও সেতুটিতে তীব্র জ্যামের সৃষ্টি হয়। ফলে ওভারলোডিংয়ের কারনে সেতুটি ভেঙ্গে গিয়ে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ওই এলাকার ভুক্তভোগী রাহিম হোসেন জানান, “ সেতুর কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় আমরা চরম ভোগান্তিতে আছি। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবাই বিপাকে পড়ছে। আমরা দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবি জানাচ্ছি।”
মাঝিরচর গ্রামে আরেক বাসিন্দা এসএম রেজাউল শিকদার বলেন, “ সেতুর কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত পড়ে থাকায় আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে কৃষিপণ্য বাজারজাত করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে যায়। আমরা দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
একই গ্রামের হযরত আলী বলেন, “এই সেতুটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের পর বছর ধরে কাজ শেষ না হওয়ায় আমরা চরম কষ্টে আছি। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। দ্রুত সেতুর কাজ সম্পন্ন হলে আমাদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।”
এসময় মানববন্ধনে উপস্থিত ভূক্তভোগীদের দাবি, দ্রুত সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করা হোক। এ সমস্যা দীর্ঘদিনের এখনই কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে। মানববন্ধন শেষে দ্রুত সেতু নির্মাণ শেষ করার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান আয়োজকরা।
এ ব্যাপারে দোহার উপজেলা প্রকৌশলী মো. রাজু আলম বলেন, আওয়ামী সরকারের আমলে কাজটি টেন্ডারের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে গণআন্দোলনে সরকারের পতন হলে এই সেতুটির ঠিকাদার কাজ ফেলে চলে যায়। যার কারণে সেতুটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে সেতুর টেন্ডার বাতিলের প্রক্রিয়ায় রয়েছে। রি-টেন্ডার করে পূণরায় সেতুর নির্মাণ কাজ অচিরেই শুরু করা হবে।
পড়ুন : রাস্তার ভবঘুরেদের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত রাখছেন সৈকত সরকার


