ঢাকার দোহার উপজেলার থানার মোড় এলাকায় দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপরে স্থানীয় পথচারী ও সচেতন জনগণ থানার মোড় সড়কের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দোহার থানার মোড় এলাকায় সড়কের দুই পাশের ভুমিদূস্যরা ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানো এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বক্তারা বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য হলেও বর্তমানে তা দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
মানববন্ধন থেকে দ্রুত দোহার থানার মোড় এলাকার দুই পাশের অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ করে পথচারীদের চলাচল স্বাভাবিক করা এবং যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
এ সময় মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
পড়ুন:কালাইয়ে ‘আলী যাকের মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠ’কর্মসূচির যাত্রা শুরু
দেখুন:নওগাঁ নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির
ইমি/


