আসন্ন পবিত্র ঈদুল আযহায় দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার এবং কোরবানির পশুবাহী ট্রাক পারাপার নির্বিঘ্ন করতে এবার ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে।
শনিবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দৌলতদিয়া-পাঁটুরিয়া রুটে ফেরি সার্ভিস, নৌপথে লঞ্চসহ জলযান সমূহের সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে আয়োজিত সভায় এসব তথ্য জানানো হয়।
সভাপতির বক্তব্যে সুলতানা আক্তার বলেন, ঈদে ঘরমুখো যাত্রীরা যেন ঈদে বাড়িতে ও ঈদের পরে কর্মস্থলে নির্বিঘ্নে ফিরতে পারেন সে লক্ষ্যে প্রশাসন কাজ করবে। ঈদের দিনসহ ঈদের আগের তিন দিন ও ঈদের পর আরও সাত দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যায় নদী পথে পশুবাহী ট্রলার থাকবে না। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। এছাড়াও পশুবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হবে। দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। এ ছাড়া টার্মিনালে যানবাহনের ভাড়ার চার্ট দৃশ্যমান থাকবে, সচেতনতামূলক বিভিন্ন ব্যানার ঘাট এলাকায় থাকবে। দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদের আগে নির্বাহী ম্যাজিস্ট্রট থাকবে মোবাইল কোর্ট করার জন্য। যাত্রীদের থেকে পরিবহন মালিক শ্রমিকরা যেনো অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য আইনশৃংঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের মোবাইল কোর্ট থাকবে।ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে- এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আতাউর রহমান খান, বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ টিআই সাগর মল্লিক, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জুয়েল, জেলা বাস মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) রমজান আলী, লঞ্চ মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ মল্লিকসহ অনেকেই বক্তব্য রাখেন।
পড়ুন: রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৫
দেখুন: রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান
এস


