বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নামাজপুর ঝনঝনিয়া সাইক্লোন সেন্টারে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মল্লিক এবং সঞ্চালনা করেনসাধারন সম্পাদক বিপ্লব সিকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, দৈনিক কালের কণ্ঠ–এর যুগ্ম সম্পাদক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।
বক্তব্যে সাঈদ খান বলেন, “ভোটই নাগরিকত্ব রিনিউ করার একমাত্র পথ।” তিনি বলেন, বিএনপি ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে না, বরং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সব ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে চায়। তিনি আরও বলেন, “৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশে সবার সমান অধিকার রয়েছে। এখানে ধর্মের নামে জান্নাত-জাহান্নামের ব্যবসা করার সুযোগ নেই।”
সাঈদ খান অভিযোগ করে বলেন, দেশে “পিআর” নামে একটি পক্ষ নৈরাজ্য সৃষ্টি করছে।“যে দলের আমির ও সেক্রেটারি জেনারেল নিজ এলাকায় ভোটে জিততে পারে না, তারা এখন ‘পিআর’-এর নামে জনগণকে বিভ্রান্ত করছে,” মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “আপনি ভোট দেবেন পীরকে, এমপি হবে চোর — এটাই তাদের পিআর। মুখে এক, অন্তরে আরেক। এদেরকে বলে মোনাফেক। মোনাফেকদের থেকে সাবধান থাকতে হবে।”
ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গে সাঈদ খান বলেন,“মৃত্যু অথবা মুক্তি—এটাই ছিল আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই গ্রাম থেকে শহর, শহর থেকে বন্দর, নগর থেকে মহানগর পর্যন্ত সংগ্রাম করেছি। আমি এই মাটির সন্তান, আমি আপস করিনি। আমি প্রতিবাদ করেছি—আর সেই প্রতিবাদের কারণেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ২০২৪ সালের ২১ জুলাই প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমাকে গুম করে ফেলে। স্ত্রী-সন্তানদের কাছ থেকে তুলে নিয়ে রাতে দুই হাতে হ্যান্ডকাফ লাগিয়ে ঝুলিয়ে নির্মমভাবে সাড়ে পাঁচ ঘণ্টা নির্যাতন করা হয়। তারপরও আমি আপস করিনি।”
তিনি আরও বলেন, “নেপালে সাত দিনের মধ্যে নির্বাচন ঘোষিত হয়েছে। অথচ আমাদের দেশে দেড় বছর পেরিয়ে গেলেও এখনো জানা যায়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কি না। আমরা এই উঠান বৈঠক থেকে ঘোষণা দিচ্ছি—রক্ত দিতে আমরা শিখেছি, মরতেও শিখেছি। রক্তচক্ষু বা ষড়যন্ত্র দিয়ে আমাদের আর অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।”
সাঈদ খান বলেন, “যে রাষ্ট্রে ভোটের অধিকার নেই, সেখানে ভাতের অধিকারও থাকে না। জনগণের তথ্য বিক্রি করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এই সরকারের পতন অবশ্যম্ভাবী।” আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দায়িত্ব শুধু রাজনৈতিক দলের নয়, নাগরিক হিসেবেও প্রত্যেকের দায়িত্ব রয়েছে। নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে।” বিএনপির ৩১ দফা কর্মসূচির পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির, জেলা যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ পিরোজপুর পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা, ছাত্রনেতা আতিক ও ব্যবসায়ী নেতা লিটন শেখ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও একটি জনগণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির রূপরেখা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি,কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

