ঢাকার ধামরাইয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ফিলিং স্টেশনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম, ইস্পাহান ও বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে বাবুল হোসেনের ক্রয়কৃত জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তারা বাবুল হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ ওঠে।
ভুক্তভোগীদের ভাষ্য, গত ২১ ফেব্রুয়ারি সকালে বাবুল হোসেন নিজ জমি পরিদর্শনে গেলে অভিযুক্তরা তার ওপর হামলা চালান। তার চিৎকার শুনে বড় ভাই রফিকুল ইসলাম (৬৫), ছেলে সেলিম (৩২) ও ভাতিজা রাসেল এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। এতে রফিকুল ইসলাম ও রাসেল গুরুতর আহত হন। বর্তমানে তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে বাচ্চু মিয়া কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, শহিদুল ইসলাম ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেলোয়ার হোসেন কুল্লা ইউনিয়ন যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক। অভিযোগ রয়েছে, এর আগেও তাদের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির একাধিক অভিযোগ উঠেছিল।
মানববন্ধনে বক্তারা অভিযুক্তদের ‘চিহ্নিত ভূমি দস্যু’ উল্লেখ করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী বাবুল হোসেন বলেন, “এটি আমার বৈধভাবে ক্রয়কৃত জমি। অভিযুক্তরা ১০ লাখ টাকা দাবি করেছে। টাকা না দেয়াতে জমি দখলের হুমকি দিয়েছে এবং মারধর করেছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন এবং অভিযুক্তদের বিচারের দাবিতে স্লোগান দেন।
পড়ুন- ‘১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২৫০০ টাকা ভাতা’
দেখুন- কাশিমপুরে ‘বিএনপির দাপট দেখিয়ে’ ভাড়াটিয়া নারীকে নির্যাতন


