নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যানিকেতন প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রশিকা বিদ্যানিকেতনের সভাপতি মো. জমিস উদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক কাজী কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম জাকির হোসেন, এনডিসি শাহ মো. রাশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক জি. আজম, রিজুওয়ানুস শামীম রাজীব ও সমকাল সুহৃদ সমাবেশ নওগাঁর সভাপতি মৌদুদুর রহমান কল্লোলসহ অনেকে।
স্বাগত বক্তব্য দেন প্রশিকা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান কাজী শিলা সুলতানা। এছাড়াও প্রশিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও সৃজনশীল কার্যক্রম। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, প্রশিকা বিদ্যানিকেতন যেভাবে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এখানে শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধের ওপর যে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বহন করে। আমি বিশ্বাস করি, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক আরও বলেন, সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। এ ধরনের বেসরকারি উদ্যোগ যদি সরকারের লক্ষ্য ও নীতির সঙ্গে সমন্বয় রেখে এগিয়ে যায়, তাহলে দেশের শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আরও ত্বরান্বিত হবে। প্রশিকার এই উদ্যোগ সারাদেশে বিস্তৃত হলে তা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পড়ুন- স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল
দেখুন- নবাবগঞ্জে গরু বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা, ৩ জনের কারাদণ্ড


