নওগাঁর রাণীনগরে আন্ত:কলেজ ফুটবল খেলা নিয়ে এক পক্ষের ওপর আরেক পক্ষের হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এ কর্মসূচি পালিত হয়। নওগাঁ জেলা দল ও স্থানীয় বয়সভিত্তিক বিভিন্ন দলের খেলোয়াড়রা এই মানববন্ধনে অংশ নেন।
মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আত্রাই মোল্লা আজাদ কলেজের প্রভাষক শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা দলের ফুটবল খেলোয়াড় সাজু, রায়হান, জিহাদ, সাজেদুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁর রাণীনগরে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় গতকাল সোমবার বিকেলে রাণীনগর উপজেলার সায়েম উদ্দিন মেমোরিয়াল কলেজ ও আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রতিদ্বন্দ্বিতা করে। এই খেলায় ৩-০ গোলে সায়েম উদ্দিন মেমোরিয়াল কলেজ দলকে পরাজিত করে বিজয়ী হয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ দল। খেলা শেষে ফেরার পথে রাণীনগর রেল স্টেশন এলাকায় সায়েম উদ্দিন মেমোরিয়াল কলেজের সমর্থকেরা হামলা চালায়। হামলায় অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সময় তিনটি ইজিবাইকও ভাঙচুর করা হয় এবং মোল্লা আজাদ কলেজের খেলোয়াড়দের ১০-১২টি মুঠোফোন ছিনতাই করা হয়।
বক্তারা বলেন, পরাজয়ের ক্ষোভ থেকে সায়েম উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক। এই ধরণের ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরণের ঘটতেই থাকবে। খেলোয়াড়দের ওপর হামলার যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
পড়ুন- ফুটবল মাঠে হামলায় উত্তাল কেন্দুয়া, মানববন্ধনে চার দফা দাবি


