নড়াইলে তেল না পেয়ে পেট্রোল পাম্প ম্যানেজার কে হত্যায় অভিযুক্ত ট্রাক চালক সুজাত আলী মোল্যাকে (৫০) গ্রেফতার করেছে র্যাব- ৬ যশোরের সদস্যরা।
আজ রবিবার বিকালে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এটিএম ফজলে রাব্বি প্রিন্স সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতার ট্রাক চালক সুজাত আলী মোল্যা নড়াইল সদর উপজেলার পেড়লী দক্ষিণ পাড়ার গ্রামের মো. ছাইদুর রহমান ওরফে তহিদুর মোল্যার ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব- ৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গতকাল শনিবার (২৮ মার্চ) মধ্য রাতে নড়াইল সদরের তুলারামপুর রেল সেতুর পূর্ব প্রান্তে তানভীর ফিলিং স্টেশনে ট্রাক চালক সুজাত তেল নিতে যান। এসময় তেলা নেয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে ওই ট্রাক চালকের বাকবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাক চালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাকবিতন্ডার পরও ওই ট্রাক চালক পাম্পেই অবস্থান করেন। রাতে ফিলিং স্টেশনের কাজ শেষ করে পাম্পের ম্যানেজার নাহিদ সরদার তার সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বের হন। সঙ্গে সঙ্গে সুজাত ট্রাক নিয়ে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করে। পরে পাম্পের অদূরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। সাথে থাকি জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় নড়াইল জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। এ ঘটনায় নিহত নাহিদের চাচা ও তানভীর ফিলিং স্টেশনের মালিক মো. রবিউল ইসলাম ট্রাক চালক সুজাত মোল্যাকে প্রধান অভিযুক্ত করে রোববার দুপরে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজই তাকে নড়াইল থানায় সোপর্দ করা হবে।
এর আগে আজ দুপুরে ঘাতক ট্রাকটিকে (যশোর -ট-১১-৬০৪০) যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নাভারন হাইওয়ে থানা পুলিশ।
পড়ুন:চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল
দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |
ইমি/


