বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মেহেরপুরে এক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে এ উঠান উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস, মেহেরপুরের আয়োজনে মুজিবনগর উপজেলার মোনাখালী পূর্বপাড়ায় এ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীর জন্য গাড়ি সুবিধা, ডেঙ্গু প্রতিরোধসহ মানব পাচার, মাদক, গুজব ও অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার আইন সম্পর্কেও অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের (প্রশাসন ও অর্থ) পরিচালক সৈয়দ এ মু’মেন। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং জনগণকে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ। তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী রবিউল ইসলাম। তিনি সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে সচেতন হতে হবে এবং সরকারের ইতিবাচক উদ্যোগগুলোকে কাজে লাগাতে হবে।”
উন্মুক্ত বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের সকল স্তরের মানুষ একসাথে কাজ করলে একটি উন্নত, সচেতন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পড়ুন : শিক্ষকদের উন্নয়ন ছাড়া কেবল মন্ত্রী দিয়ে শিক্ষার উন্নয়ন সম্ভব না : শিক্ষামন্ত্রী


