নরসিংদীর শীলমান্দী ইউনিয়নে এন আর স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে উত্তর শীলমান্দী গ্রামে ওই মিলে লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে নরসিংদী সদর, পলাশ ও মাধবদী বাজার ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে কাজ করেছেন। এখনো আগুন পুরোপুরি নিভে যায়নি, আমাদের কাজ চলছে। এখানে ঊর্ধ্বতন স্যারের রয়েছেন তারা বিস্তারিত বলবেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১০টার দিকে মিলের শ্রমিকরা ছুটোছুটি করতে দেখা যায়। এসময় আগুন দেখে তারা দৌড়ে বাইরে বের হতে থাকেন। পরে শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় মিল কর্তৃপক্ষ নরসিংদী ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর মাধবদী বাজার ও পলাশসহ মোট ছয়টি ইউনিট কাজ শুরু করে রাত ১টার দিকে আগুনের তীব্রতা কমে আসে।
অগ্নিকাণ্ডে স্পিনিং মিলের সুতা তৈরির জন্য দুইটি গুদামে রাখা তুলা সম্পূর্ণ পুড়ে যায়। এতে মিলটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।
নরসিংদী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা নাঈম ইবনে হাসান ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পড়ুন : ভূমিকম্পে ফাটল এর নমুনা সংগ্রহে নরসিংদীতে ঢাবির ভূতত্ত্ব বিভাগের দল


