নরসিংদী সদর হাসপাতাল এলাকায় রোগীদের হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। পুলিশ ও র্যাবের সহায়তায় পরিচালিত এই যৌথ অভিযানে ১৩ জন দালাল ও তাদের সহযোগীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, হাসপাতাল এলাকায় চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ও ভয় দেখিয়ে নির্দিষ্ট ল্যাবে বা ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে পৃথক ১৩টি মামলা করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শিপলু (৪৩), বাবু (৩০), আরমান (৩২), ইসরাফিল (৩৩), রফিকুল (৪৭) ও রানামিয়া (৪২) এই ৬ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া পাবেল, জুয়েল, জাহাঙ্গীর, বাবুল, কায়কোবাদ, দীপক ও বিল্লাল নামের অপর ৭ সহযোগীকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই দালালচক্র দীর্ঘদিন ধরে রোগীদের জিম্মি করে আসছিল। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিকে দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হাসপাতালের সাধারণ রোগী ও স্বজনরা। নরসিংদীর সিভিল সার্জন ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে হাসপাতালের সেবার পরিবেশ আরও উন্নত হবে।
পড়ুন- রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে জনস্রোত, উৎসবের আমেজ
দেখুন- সাতক্ষীরায় ভয়াবহ নদী ভাঙ্গন, ঈদের নামাজ পড়তে পারেনি ২০ পরিবার


