নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামে মাদকব্যবসায়ী দুলালের বাড়িতে এক কিশোরকে আটকে রেখে নির্মম নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোর সাজিদ হোসেন (২২) বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। স্বজনদের অভিযোগ, দুলাল ও তার সহযোগীরা সাজিদকে বাড়িতে আটকে রেখে নির্যাতন করে হত্যা করে পালিয়ে যায়। এ খবর পেয়ে আজ সোমবার সকালে ঘটনাস্থলে শেখেরচর ফাঁড়ীর ও সদর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেণ।
জানা যায়, গতকাল দিবাগত রাত ২টার দিকে সাজিদের মা মুসলেমা বেগম খবর পেয়ে দুলালের বাড়িতে ছুটে গেলে, দুলাল ও তার বাড়ির সদস্যরা বাড়ির গেইট তালা মেরে পালিয়ে যায়। পরে স্বজনরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন, ঘরের ভিতরে সাজিদের মরদেহ পড়ে আছে। এ ঘটনায় গ্রামবাসী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, জোবায়ের ও অন্যান্যরা বলেছেন, টেকপাড়া গ্রামের আতাউরের ছেলে মাদককারবারি ও একাধিক মামলার আসামি দুলাল এখন স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুসারী। তার দৌরাত্ম্য বেড়েই চলেছে। সাজিদকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরিবারের কাছ থেকে ছিনিয়ে মাদকব্যবসায় সহযোগী বানিয়েছে দুলাল। ধারনা করা হচ্ছে তাদের ব্যবসার রাস্তাঘাট চিনে ফেলায়, এখন তারাই তাকে হত্যা করে পালিয়ে গেছে। এর কঠিন বিচার চায় স্থানীয়রা।
নিহতের মা মুসলেমা বেগম বলেন, আমার একমাত্র ছেলে সাজিদ। তাকে পাঁচদিন ধরে নির্যাতন করেছে। তাকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছিল। আমাদের কাছে টাকা না থাকায় দুলাল আমাদের বাড়ির দলিল নিতে চেয়েছিল। আমরা গতকাল তার বাড়িতে এসেছিলাম, কিন্তু ছেলেকে দেখতে দেয়নি তারা। শেষ পর্যন্ত আমার ছেলেটিকে তারা এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করল। এ বিচার কে করবে?-এমন আকুতি করতে থাকেন তিনি।
পড়ুন: বাস মালিকদের কাছে চাঁদা দাবি করা সেই যুবদল নেতার বিরুদ্ধে মামলা
দেখুন: আবার বেদখল তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ড সড়ক |
ইম/


