নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইপক্ষের অন্তত তিনজন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই পরিপ্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে সোমবার সকালে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হক বলেন, আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে কোনো গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
নরসিংদী সদর হাসপাতালের আরএমও বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত অবস্থায় আরো কয়েকজন নিয়ে আসা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে একই ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে দুজন নিহত হন। এ ঘটনায় এই নিয়ে তিনজন নিহত হলো।
পড়ুন: ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের মৃত্যু
দেখুন: গাজীপুরে র্যাবকে উদ্ধার করলো সেনাবাহিনী!
ইম/


