নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্য করে চালানো বিমান হামলা ভুলবশত একটি জনাকীর্ণ গ্রামীণ বাজারে আঘাত হানলে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানায়, হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। স্থানীয় চিফ লাওয়ান জান্না নুর গেইদাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, মোট হতাহতের সংখ্যা প্রায় ২০০ জনে পৌঁছাতে পারে।
ঘটনাটি ঘটে ইয়োবি রাজ্যের জিল্লি গ্রামে, যা বর্নো রাজ্যের সীমান্তবর্তী এলাকা এবং বোকো হারামের একটি সক্রিয় ঘাঁটির কাছাকাছি অবস্থিত।
নাইজেরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, বর্নো রাজ্যের জিল্লি অক্ষ বরাবর পরিচালিত অভিযানে বোকো হারামের যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে বাজারে হামলার বিষয়ে তারা সরাসরি কিছু উল্লেখ করেনি। পরবর্তীতে ইয়োবি রাজ্য সরকার জানায়, একটি বাজারের নিকটবর্তী এলাকায় বিমান হামলা চালানো হয়েছিল, যেখানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল।
ইয়োবি রাজ্য সরকারের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল দাহিরু আবদুলসালাম বলেন, বর্নো রাজ্য থেকে জিল্লির সাপ্তাহিক বাজারে আসা কিছু মানুষ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তিনি বিস্তারিত তথ্য দেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের গেইদাম ও মাইদুগুরির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, “আকাশপথে এ ধরনের হামলা কোনোভাবেই আইন প্রয়োগের বৈধ পদ্ধতি হতে পারে না। বেসামরিক মানুষের বিরুদ্ধে এমন বেপরোয়া প্রাণঘাতী শক্তির ব্যবহার অবৈধ ও নিন্দনীয়।”
একই সঙ্গে সংস্থাটি নাইজেরিয়ার কর্তৃপক্ষকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
পড়ুন: কিশোর গ্যাং নেতা অ্যালেক্সকে কুপিয়ে হত্যা, রণক্ষেত্র মোহাম্মদপুর


