একটি টেলিভিশন সংবাদ যেন বদলে দিল এক বয়োবৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধের গল্প। ইফতারে পান্তা ভাত খেয়ে, সেহরিতে কী খাবেন তা না জেনেই দিন পার করছিলেন জংসের আলী দম্পতি। তাদের সেই মানবেতর জীবনের চিত্র তুলে ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি। সংবাদটি প্রচারের পরপরই মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন মোহাম্মদ ইউসুপ আলী।
মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ওই বয়োবৃদ্ধ দম্পতিকে ডেকে নগদ অর্থ, ইফতার সামগ্রী ও চালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, “নাগরিক টিভির মাধ্যমে আমি খবরটি দেখি এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিই। শুধু জংসের আলী দম্পতি নয়, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের চলমান মানবিক কার্যক্রমেরই অংশ।”
তিনি আরও জানান, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত।
সহায়তা পেয়ে জংসের আলী দম্পতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহযোগিতা তাদের জন্য রমজানের সময়ে বড় স্বস্তি এনে দিবে।
মানবিক প্রশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে জেলা প্রশাসকের এ উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।
পড়ুন- ঝালকাঠিতে বিকৃত যৌনাচার ও নির্যাতনের অভিযোগে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা


