নাগরিক টিভিতে সংবাদ প্রচারের পর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়েছে।
সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়ন ও সাদিপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত অলিপুরা ব্রিজের নিচে ইটভাটা নির্মাণের উদ্দেশ্যে এবং বাণিজ্যিকভাবে মাটি বিক্রির জন্য দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটছিলেন গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি। এতে ব্রিজের স্থায়িত্ব ও আশপাশের পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
বিষয়টি নাগরিক টিভিতে সংবাদ হিসেবে প্রচারিত হলে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। সোনারগাঁও উপজেলার কাঁপুর সার্কেল অফিসার তাসমিনার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়াস উদ্দিনের অবৈধ মাটি কাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং তাকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি থাকলে এমন অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে এবং জনস্বার্থ রক্ষা পাবে।


