নাটোরের লালপুরে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকালে উপজেলার সুন্দরগড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, একই গ্রামের রইজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, প্রতিদিনের মতো রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে রইজুল ও তার স্ত্রী ফাতেমা নিজেদের ঘরেই ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন তাদের অনেক ডাকাডাকি করে। এরপরও তাদের কোনো সাড়া না মেলায় জানালা দিয়ে উঁকি দিয়ে ফাতেমাকে ঘরের মধ্যে ঝুলে থাকতে দেখে তারা। পরে রইজুলকেও ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট এবং ঋণের চাপের কারণে স্বামী-স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ নিয়ে পারিবারিক অশান্তিতে তারা রাতে সবার অগোচরে আত্মহত্যা করতে পারেন। মরদেহ দুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান।
পড়ুন: নাটোরে অতিরিক্ত খাজনার টাকা ফেরত পেলো ৫ শতাধিক পশুর ক্রেতা
দেখুন: কথা না শোনায় রিক্সা চালকের সঙ্গে পুলিশের এ কেমন আচরণ?
এস


