নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী যুব আন্দোলনের নেতা আবির হোসেন (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর-২ আসনে দলীয় ঘোষিত প্রার্থী মোহাম্মদ আলী (৬৫) এবং অপর মোটরসাইকেল আরোহী রেদওয়ান হোসেন মিম (১৭)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর উপশহরের দত্তপাড়া এলাকায় ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আবির হোসেন ইসলামী যুব আন্দোলনের নাটোর শাখার যুব বিষয়ক সম্পাদক ও নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার লাকি মেম্বারের ছেলে। অন্যদিকে আহত রেদওয়ান বড়াইগ্রাম উপজেলার আঘ্রান এলাকার শেখ তোফাজ্জল হোসেনের ছেলে এবং বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মোহাম্মদ আলী ও আবির মোটরসাইকেলযোগে দত্তপাড়া থেকে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে রেদওয়ান হোসেন মিম ও সাকলাইন মোটরসাইকেলযোগে নাটোর শহরের দিক হতে আসছিল। পথে তারা ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় পৌছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবির হোসেন, মোহাম্মদ আলী ও রেদওয়ান গুরুতর আহত হন। পরে স্থানীদের সহায়তায় তাদেরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মাহবুব হোসেন আরো জানান, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

