নাটোর শহরে কান্দিভিটুয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। এসময় তার ছেলে কাউছার হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরের কান্দিভিটুয়া কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইখতে খায়ের আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে আবুল কালাম আজাদের ছেলের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে সোমবার গভীর রাতে প্রতিপক্ষ রহিমসহ তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম ও তার ছেলের ওপর হামলা চালায়। এতে তাদের ছুরিকাঘাতে বাবা আবুল কালাম আজাদ ও ছেলে কাউছার হোসেন গুরুতর জখম হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবার মৃত্যু হয়। এসময় ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইখতে খায়ের আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।
পড়ুন:ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
দেখুন:প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন প্রতারণা
ইমি/


