আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের জন্য সম্ভাব্য প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এই তালিকায় সাবেক কোন সংসদ সদস্য রাখা হয়নি।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জে) আসনে দলের প্রার্থী হিসেবে উঠে এসেছে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার নাম। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন দলটির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
অন্যদিকে, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে রাখা হয়েছে নজরুল ইসলাম আজাদকে। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খাঁন আঙ্গুর ও তার ভাতিজা বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে দলের মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান। তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি। এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও যুব উন্নয়নের সাবেক মহাপরিচালক এসএম ওলিউর রহমান আপেল।
তবে জেলার সবচেয়ে আলোচিত আসন নারায়ণগঞ্জ-৪-এর প্রার্থীর নাম এখনো চূড়ান্ত হয়নি, যা নিয়ে দলীয় মহলে জোর আলোচনা চলছে। ধারনা করা হচ্ছে, এ আসনটি হয়তো জমীয়াতে ইসলাম বাংলাদেশের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর জন্য ছেড়ে দিতে পারে। তবে এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা বেশ বড়, রয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি ও ব্যবসায়ী শাহ্ আলম, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, বহিস্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীও।
সর্বশেষ, নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনের জন্য প্রার্থীর তালিকায় আছেন ব্যবসায়ী মডেল গ্রুপের মালিক মাসুদুজ্জামান মাসুদ। এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন তিনবারের সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাসকুদুল আলম খোরশেদ, ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল ও লন্ডনের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক আলিয়ার হোসেন।
দলীয় হাইকমান্ড সূত্রে জানা যায়, তৃণমূলের জনপ্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতাকে গুরুত্ব দিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে।
পড়ুন : নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশি টুটুলের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ঔষুধ বিতরণ


