বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী নির্বাচনে সমাজের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠাকে দলীয় অগ্রাধিকার হিসেবে গণ্য করা হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
বুধবার (১৫ অক্টোবর) যশোরে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এবং কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি একটি নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠা এবং নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ। তারা অভিযোগ করেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নারীরা ব্যাপকভাবে নির্যাতিত ও অবহেলিত হয়েছে।”
নেতৃবৃন্দ শিক্ষা, রাজনীতি ও সমাজ উন্নয়নে নারীর অবদানকে অবিস্মরণীয় উল্লেখ করে বলেন, “বিশ্বের অনেক দেশে নারীরা সমান অধিকার পেলেও বাংলাদেশে তারা এখনও বৈষম্যের শিকার।” জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে নারীর উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়ন নিশ্চিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী রহমানসহ যশোর, সাতক্ষীরা, নড়াইল ও ঝিনাইদহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ।
পড়ুন : একটি পারিবারিক দ্বন্দের ঘটনায় যশোরের বেনাপোলে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার


