দেশের নারী ক্রিকেটের জনপ্রিয়তা ও মানোন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি দল নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মাঠে গড়াবে নারী বিপিএলের উদ্বোধনী আসর। প্রথম আসরের ভেন্যু হিসেবে থাকবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ মার্চ হবে তিন দলের টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। ক্রিকেটারদের ক্যাটাগরি ঠিক করার কাজও শুরু করে দিয়েছেন নির্বাচকেরা। ড্রাফটের জন্য স্থানীয় ক্রিকেটারদের মোট ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হবে। জাতীয় দলের তিন ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে আইকন হিসেবে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আইকন ক্রিকেটার হিসেবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির থাকা চূড়ান্ত, সঙ্গে সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি বিবেচনায় আছেন। ড্রাফটে স্থানীয়দের দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ৬ জন ক্রিকেটার। প্রতিটি দল এখান থেকে দুজন করে খেলোয়াড় নেবে, পারিশ্রমিক ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন ক্রিকেটারের জন্য নির্ধারিত পারিশ্রমিক ৫ লাখ টাকা করে।
‘সি’ ক্যাটাগরিতে ৩ লাখ টাকা পারিশ্রমিক। ২০ জনের মতো ক্রিকেটারকে রাখা হবে এই ক্যাটাগরিতে। তাদের মধ্যে যারা প্রথম ডাকে অবিক্রীত থেকে যাবেন, তাদের আবার তোলা হবে দেড় লাখ টাকা মূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে। ড্রাফটে কারা কোন ক্যাটাগরিতে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। কয়েক দিনের মধ্যে এ তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ।
ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। আগ্রহের ভিত্তিতে তাদের ড্রাফটেও রাখা হতে পারে। তবে কতজন বিদেশি ক্রিকেটার ড্রাফটে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। বিদেশি খেলোয়াড়দের সম্ভাব্য পারিশ্রমিক কাঠামো— ‘এ’ ক্যাটাগরি: ৮ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরি: ৬ হাজার মার্কিন ডলার, ‘সি’ ক্যাটাগরি: ৩ হাজার মার্কিন ডলার।
তিন দলের টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা বিক্রির বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এই টুর্নামেন্টে অংশ নিতে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে ৩০ লাখ টাকা দিতে হবে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি নিতে বিসিবির কাছে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে ছেলেদের বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের সত্ত্বাধিকার নাবিল গ্রুপ। টিভি স্বত্ব বিক্রি আর পৃষ্ঠপোষকও খুঁজতে শুরু করেছে বিসিবি।
পড়ুন : নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কখন


